বাংলায় শিল্পায়ন, বৃহৎ বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা নিয়ে দেশের অন্যতম বৃহৎ পরিকাঠামো ভিত্তিক শিল্পসংস্থা লারসেন অ্যান্ড টুব্রোর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর এস এন সুব্রহ্মণ্যমের (S. N. Subrahmanyan Chairman and managing director of Larsen & Toubro)সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কলকাতা বিমানবন্দরে অনুষ্ঠিত ওই বৈঠক প্রসঙ্গে সমাজমাধ্যমে পোস্টও করেন মুখ্যমন্ত্রী। রাজ্যে সরকার পরিবর্তনের পর শিল্পায়নকে অন্যতম অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছে নতুন প্রশাসন। এর মধ্যেই দেশের প্রথম সারির শিল্প সংস্থার প্রধানের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক ও শিল্প মহলের একাংশ। মুখ্যমন্ত্রী জানান, প্রায় আধঘণ্টার বৈঠকে পশ্চিমবঙ্গের শিল্পোন্নয়নের রূপরেখা নিয়ে মতবিনিময় হয়েছে। শিল্প বিকাশের জন্য শক্তিশালী পরিবেশ গড়ে তোলা, বৃহৎ বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে রাজ্যের যুব সম্প্রদায়ের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়গুলি আলোচনায় গুরুত্ব পেয়েছে। যদিও বৈঠকে কোনও নির্দিষ্ট বিনিয়োগ প্রস্তাব বা প্রকল্প ঘোষণা করা হয়নি। তবে শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং বৃহৎ শিল্পগোষ্ঠীগুলিকে পশ্চিমবঙ্গে বিনিয়োগে উৎসাহিত করার বিষয়ে দুই পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে বলে মুখ্যমন্ত্রীর পোস্ট থেকে ইঙ্গিত মিলেছে। - - - - - -