১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান ছিল এই ঘটনার। শনিবার, সেই নন্দীগ্রাম দিবসে (Nandigram Day) শহিদদের স্মরণ করে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি লেখেন, ‘'নন্দীগ্রাম দিবসে নন্দীগ্রাম, সিঙ্গুর ও নেতাই-সহ সমগ্র বিশ্বের সকল শহিদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি এবং অন্তরের গভীর প্রণতি।’' প্রসঙ্গত, ২০০৭ সালের সেই ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে যায়। ২০১১ সালে সরকার পরিবর্তন হয়। সরকারে আসার পর থেকেই নন্দীগ্রাম দিবস পালনে জোর দেয় তৃণমূল কংগ্রেস। আজ, ১৪ মার্চ শহিদদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন বাংলার মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, সময়ের ব্যবধানে সিপিএম রাজ্যের রাজনীতিতে শূন্যে নেমে এসেছে। অস্তিত্ব হারিয়েছে বিধানসভায়। কিন্তু ২০০৭ সালের মর্মান্তিক ঘটনা আজও ভুলতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রীয় সন্ত্রাসের সঙ্গে এই ঘটনার তুলনা করেন তিনি। ২০০৭ সালের ১৪ মার্চ নন্দীগ্রামে ভূমিউচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতৃত্বে জমি রক্ষা আন্দোলনের সময় পুলিশ অভিযান চালায়। ওইদিন পুলিশের গুলিতে ১৪ জন গ্রামবাসীর মৃত্যু হয়। এরপর থেকেই প্রতি বছর ১৪ মার্চ রাজ্যজুড়ে নন্দীগ্রাম দিবস পালন করে তৃণমূল কংগ্রেস (TMC)। - - - - - - - -