সন্দীপ সুর : দেবস্মিত মুখোপাধ্যায় নামই মানুষের মূল পরিচয়, নাম দিয়েই তাঁকে যায় চেনা। কিন্তু সেই নামই এখন চরম বিড়ম্বনার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee), সায়নী ঘোষের(Saayoni Ghosh) কাছে। বিগত কয়েক দিন ধরেই সমাজ মাধ্য়ম এবং খবরের দুনিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষের(Saayoni Ghosh) ফ্ল্যাট নিয়ে চর্চার সুনামি। কিন্তু সোশ্যাল মিডিয়ার ভাইরাল তথ্য আর বাস্তবের ফারাকটা আশমান-জমিন। দমদমের ১৯ ডি, ৭ ট্যাঙ্ক লেনের(19B 7 tanks lane) খুব সাধারণ এই ফ্ল্যাটই এখন মিডিয়ার ফোকাসে। গোটা ঘটনায় অত্যন্ত হতাশ এবং অতিষ্ট বেসরকারি সংস্থার কর্মী অভিষেক। স্কুল শিক্ষিকা স্ত্রী ও ২ সন্তানকে রেখে এসেছেন শ্বশুড় বাড়িতে।পরিস্থিতি যে জটিল হচ্ছে বুঝতে পেরেই অভিষেক এবং তাঁর পরিবারের সদস্যরা পুলিশের দ্বারস্থ হয়েছেন। অভিষেকের(Abhishek Banerjee) চোখে মুখে রীতিমতো হতাশার ছাপ, কিছুটা যেন আঙঙ্কের ছাপ। বিশ্ব বাংলা সাংবদকে একান্ত সাক্ষাতকারে বললেন, ‘‘আমরা গোটা বিষয়টি নিয়ে বিব্রত। বাইরে যেটা রটছে তা নিয়ে আমরা বিড়ম্বনার মধ্যে পড়ছি। আমরা খুব সাধারণ মানুষ, আমরা গোটা বিষয়টি থেকে মুক্তি চাই। আমরা ইতিমধ্যেই পুলিশে অভিযোগ জানিয়েছি। তাদের পক্ষ থেকে আমাকে বলা হয়েছে এই সব নিয়ে কথা না বলতে। আমরা পুরসভাতেও অভিযোগ জানিয়ে এসেছি। আমাদের সঙ্গে রাজনীতির সঙ্গে কোনও সম্পর্ক নেই। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও পরিচয় নেই। ’’ স্বামী স্ত্রী-র নাম বিড়ম্বনা প্রসঙ্গে ফ্ল্যাট মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ঘোষ আমার স্ত্রীর বিয়ের আগের পদবি। যেহেতু আমার স্ত্রী চাকরি করেন, তাই তিনি বিয়ের পর পদবী পরিবর্তন করার প্রয়োজন বোধ করেননি। স্ত্রীর নাম সায়নী ঘোষই রয়ে গিয়েছে।’’ ১৯ ডি, ৭ ট্যাঙ্ক লেন, দমদম ,কলকাতা । ফ্ল্যাটের ফটকে নেমপ্লেটে লেখা, ‘অভি-সানি’। এই ফ্ল্যাটের যৌথ মালিকের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সায়নী ঘোষ। আর সেই নাম থেকেই শুরু হয়েছে বিতর্কের সূত্রপাত। তৃণমূলের ২ সাংসদের নামের সঙ্গে তাদের মিল হতেই বিপত্তি শুরু।রাজ্যে পালাবদলের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে নাড়াচাড়া শুরু হতেই এই ফ্ল্যাটের তথ্য সামনে আসে। এমনকি দমদম পুরসভার আধিকারিকরা নোটিশ নিয়ে পৌছে যান এই ফ্ল্যাটের দুয়ারে। কিন্তু সামনে যেতেই ভুল ভাঙে। গোটা বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। তিনি এই ফ্ল্য়াটের ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবেই ২ রাজনীতিবিদকে টার্গেট করা হয়েছে। ’’   - - - - - -