সম্প্রীতির বার্তার মাধ্যমে রমজান মাসে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার বিকেলে নিজের এক্স হ্যান্ডেল (X-Handle) পোস্টে একটি ভিডিও পোস্ট করেন মুখ্যমন্ত্রী। সেখানে ইফতার অনুষ্ঠানে তাঁর অংশগ্রহণের ভিডিও (Video) রয়েছে। কাজী নজরুল ইসলামের বহুল জনপ্রিয় গান ”মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান” লিখে সম্প্রীতির বার্তা দিয়েছে রাজ্যের প্রশাসনিক প্রদান। বৃহস্পতিবার, কলকাতা পুরসভা আয়োজিত দাওয়াত-এ-ইফতার অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানে ইসলাম ধর্মাবলম্বী সংগঠনগুলির নেতৃত্বরা দাবি করলেন, যেভাবে তাঁদের সম্প্রদায়ের উন্নয়ন ও পাশে থাকার ইতিহাস তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), তা এখন দেশের অন্যান্য রাজ্যগুলির জন্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। তার পরের দিনই স্যোশাল মিডিয়ায় পোস্ট করে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী।  তিনি লেখা শুরু করেন নজরুল ইসলামের বহুল জনপ্রিয় গান ‘মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান’ লিখে। তার পরে তিনি লেখেন, ”পবিত্র রমজান মাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা। কলকাতা পুরসভা আয়োজিত দাওয়াত-এ-ইফতারে যোগদানের সুযোগ পেয়েছিলাম আমি। সমবেত প্রার্থনা, একতার এক আদর্শ মঞ্চ এটি।” এর পরে বাংলার ঐতিহ্যের কথা তুলে ধরে মমতা লেখেন, ”বাংলার পরিচয় সর্বদাই সম্প্রীতির ঐতিহ্য দ্বারা গঠিত। এই পুণ্যভূমিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের সবার জন্য তৈরি গানগুলি শ্রী রামকৃষ্ণ পরমহংস এবং স্বামী বিবেকানন্দের প্রচারিত ঐক্য ও ভ্রাতৃত্বের কালজয়ী বার্তার সঙ্গে একতাবদ্ধভাবে প্রতিধ্বনিত হয়। এই পবিত্র মাসটি আমাদের সকলকে মানবতার বন্ধনকে শক্তিশালী করতে, ন্যায়বিচার ও সহানুভূতির প্রতি আমাদের অঙ্গীকারকে আরও গভীর করতে এবং আমাদের প্রিয় বাংলাকে সংজ্ঞায়িত করে এমন ঐক্যের স্থায়ী চেতনাকে সমুন্নত রাখতে অনুপ্রাণিত করুক।” প্রতিবছর রমজান মাসে রাজ্যের মুখ্যমন্ত্রী ইফতারে শামিল হন। রেড রোডে ঈদের নমাজেও তিনি উপস্থিত থাকেন। সব ধর্মীয় আচারকেই সমান মর্যাদায় পালনে বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী। - - - - - -