মঙ্গলবার সংসদে বাজেট অধিবেশনের ভাষণে ঝড় তোলার পর এবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে বিজেপিকে তোপ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)।  বুধবার সকালে তিনি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘'ডবল ইঞ্জিন নিয়ে গলা ফাটায় বিজেপি। কিন্তু বিজেপির এই ডবল ইঞ্জিন চলছে ট্রিপল ট্যাক্সে।’' জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কীভাবে ট্যাক্স সাধারণ মানুষের আতঙ্কের কারণ ভিডিও সমেত তার ব্যাখ্যা তুলে ধরা হয়েছে তৃণমূল সাংসদের পোস্টে। প্রসঙ্গত, বাজেট অধিবেশনে মোদি সরকারকে আক্রমণ করে একের পরে এক তথ্য তুলে কর ব্যবস্থা থেকে বাংলার বঞ্চনা নিয়ে কেন্দ্রীয় বাজেটকে নিশানা করেন অভিষেক। তাঁর ভাষণের সময় গেরুয়া শিবিরে ছিল চরম নিস্তব্ধতা। মঙ্গলবার নিজের ৩৪ মিনিট ৪০ সেকেন্ডের বাজেট বক্তব্যে মোদি সরকারের ঘৃণ্য রাজনীতি এবং কঙ্কালসার চেহারা যেভাবে তুলে ধরেছেন তিনি, সেটা দেখার পরে প্রশংসায় পঞ্চমুখ বিরোধী শিবির। অধিবেশনে অভিষেক  বলেন, ''সংবিধান রাজ্যগুলির মধ্যে সমতার কথা বলে, কিন্তু এই সরকার বেছে বেছে নিজেদের জোটসঙ্গীদের সাহায্য করছে আর বিরোধীদের ভাতে মারছে। এটা ‘কো-অপারেটিভ ফেডারেলিজম’ নয়, বরং এটা একটা ‘সাবস্ক্রিপশন বেসড ফেডারেলিজম’। কেন্দ্রীয় বাজেট একটাই নীতির উপর দাঁড়িয়ে আছে— সবকিছুই ‘তিনগুণ’। এটি প্রভাবশালীদের জন্য ‘ট্রিপল বোনানজা’ বা এবং গরিবদের জন্য ‘ট্রিপল লক’।'' - - - - - - - -